দুদিন নিখোঁজ থাকার পর ইটভাটা সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে এক ব্যবসায়ী দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ দু'দিন নিখোঁজ থাকার পর রহস্যজনক অবস্থায় ইটভাটা সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে এক ব্যবসায়ী দেহ উদ্ধার করলো পুলিশ। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার সারদা কলোনি এলাকায়। পরকীয়া সম্পর্কের জেরে ওই ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনা অথবা খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পাশাপাশি মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের শিশিও উদ্ধার করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ভক্ত সাহা (৫০)। তার বাড়ি পুরাতন মালদা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সারোদা কলোনি এলাকায়। পেশায় মুড়ি ব্যবসায়ী ছিলেন ওই ব্যক্তি । বিভিন্ন দোকান, হাটে-বাজারে পাইকারি দরে মুড়ি সরবরাহ করতেন তিনি। এদিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ইটভাটা সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পরনে জিনসের প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি ছিল। জামা, জ্যাকেট , জুতো সবই মৃতদেহের পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। যার ফলে এই ঘটনাটি নিয়ে খুন এবং য়আত্মহত্যা দুটোই সন্দেহ করে তদন্ত করছে পুলিশ।
মৃতের স্ত্রী পারুল সাহার অভিযোগ, এলাকারই এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন তার স্বামী। এনিয়ে সংসারে প্রায় দিনই অশান্তি চলছিল। ওই মহিলা আমার স্বামীকে মোটা টাকার জন্য চাপ দিচ্ছিল। কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন স্বামী ভক্ত সাহা। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি তিনি। দু'দিন পর শনিবার সকালে স্বামীর দেহ পড়ে থাকার খবর জানতে পারি । এই ঘটনার পিছনে প্রতিবেশী ওই মহিলা যুক্ত রয়েছে। তাই পুরো বিষয়ে ওই মহিলার বিরুদ্ধে পুরাতন মালদা থানায় অভিযোগ জানিয়েছি।
মৃতের এক ভাইপো মোহন সাহা জানিয়েছেন, কাকাতে খুন করা হয়েছে। তারপরে প্রমাণ লোপাটের জন্য বিষের বোতল ফেলে পালিয়েছে অভিযুক্তেরা। পরকীয়া সম্পর্কের জেরে এই ঘটনাটি ঘটেছে । তাই পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে। পুরাতন মালদা থানার পুলিশ রহস্যজনক অবস্থায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে।


Post a Comment